কখনো একা সমুদ্র দেখেছ?
- একটা অদ্ভুত জিনিস জানো! একা একা আকাশ দেখা যায় কিন্তু সমুদ্র নয়।
এটা কেন হয় বলতো?
- তোমারও হয় নাকি?
আমার কি অনুভূতি থাকতে নেই!
- ঠিক তা নয়। আমার মনে হয়, মানুষ বিষণ্ণ হলে আকাশ দেখে।
আর সমুদ্র?
- সমুদ্র দেখতে হয় প্রিয়জনকে সঙ্গে নিয়ে। এটা একা দেখা যায় না। মন খারাপ হয়। মনে হয়, সব পানি গ্রাস করে নেবে আমায়।
একটা কথা বলতাম।
- বল।
আমার মনে হয় কি জানো?
- কি?
বিষণ্ণতা কিংবা ভালো থাকবার অগোচরে আমাদের প্রিয় মানুষগুলো জড়িত। আকাশ কিংবা সমুদ্র চতুর্থ কোন মাধ্যম।
- মন খারাপ হলে কি কর?
ফোন নিয়ে টিপাটিপি করি।
- তারপর?
তাতেও কাজ না হলে হাঁটি অথবা গান শুনি।
- আর যদি তাতেও কাজ না হয়?
আকাশ দেখি। তারপর সব বিষণ্ণতা জমা রাখি মেঘের কাছে।
- আচ্ছা, মানুষের মন খারাপ হলে আকাশের কাছে কেন যায়?
মানুষের মনের চেয়ে আকাশ বিস্তৃত তাই। আসলে আমাদের অভিমান, অভিযোগ কিংবা বিষণ্ণতাগুলো প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নেবার কথা ছিল কিন্তু এই অস্থির পৃথিবীতে কে কার ইমোশন ভাগাভাগি করে নেবে বল! তাই তো আমরা বারবার ছুটে যাই আকাশের কাছে। পৃথিবীর সাতশো কোটি মানুষের অগণিত দুঃখ, ব্যথা, হতাশা, অভিযোগ বুকে আগলে রেখেছে সে। অদ্ভুত না!
- আমার কি মনে হয় জানো?
বল
- আকাশ কিংবা সমুদ্র ওরা কেউই আমাদের প্রতি দায়বদ্ধ নয়।
তাহলে..
- একটা জিনিস ভেবে দেখেছো!
কি?
- মানুষ মানুষের সঙ্গে অনুভূতি শেয়ার করতে পারছে না, এরচেয়ে কষ্ট আর কি হতে পারে?
যান্ত্রিক হয়ে যাচ্ছি তো আমরা!
- ভুল বললে। যন্ত্রের এতো ক্ষমতা নেই। তার ক্ষমতা সেই পাঁচ-আঙুলেই সীমাবদ্ধ।
বাদ দাও। চলো আমরা সমুদ্র দেখি।
- কিন্তু আমার তো এখন আকাশ দেখতে ইচ্ছে করছে।
তুমি কি এখন একা যে, আকাশ দেখবে?
- একটা বিষয় কি জানো! মানুষ আজ একাকিত্বকেই বেছে নিয়েছে বড্ড।
আমরা কি প্রত্যেকেই একা?
- হয়তোবা!
"একটা সমুদ্র নিয়ে এসেছিলাম"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন